ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সুশান্তের কাছে ক্রিকেট শেখা সেই ছেলে এবার মাতাবেন আইপিএল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০৮, ৬ সেপ্টেম্বর ২০২০
সুশান্তের কাছে ক্রিকেট শেখা সেই ছেলে এবার মাতাবেন আইপিএল
দিগ্বিজয়কে ব্যাটিং শেখাচ্ছেন সুশান্ত

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গেছে অনেক সময়। পৃথিবীতে না থাকলেও কাজের জন্যই বারবার স্মরণ করা হচ্ছে তাকে। আরব আমিরাতে কিছুদিনের মাঝেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। সেখানেও থাকছে সুশান্তের ছোঁয়া। কারণ তার কাছে ক্রিকেট শেখা ছেলেটাই যে এবার আইপিএল খেলবে! 

টিভি সিরিয়াল পবিত্র রিস্তা দিয়ে সুশান্তের অভিনয় জীবনের শুরু। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক। তবে বড় পর্দায় এই নায়কের যাত্রা শুরু হয়েছিল ‘কাই পো ছে’ ছবির মধ্য দিয়ে। 

কাই পো ছে’র আলী নামের ছোট্ট সেই ছেলের কথা কি মনে আছে? ছবিতে ক্রিকেট একাডেমি খুলে এই আলীকেই খেলা শেখাতেন সুশান্ত। বাস্তবজীবনে আলীর নাম দিগ্বিজয় দেশমুখ। প্রয়াত অভিনেতার কাছে ক্রিকেট পাঠ পাওয়া এই খেলোয়াড় এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল মাতাবেন। 

ছবিতে ব্যাটসম্যান হলেও বর্তমানে দিগ্বিজয় পুরোদস্তুর পেসারসাত বছর আগে মুক্তি পাওয়া ‘কাই পো ছে’ ছবিতে অভিনয়ের সময় দিগ্বিজয়ের বয়স ছিল ১৪ বছর। পর্দায় ব্যাটসম্যানরূপে দেখা গেলেও ২১ বছর বয়সী এই ক্রিকেটার মূলত পেসার। মহারাষ্ট্রের হয়ে ২০১৯ রঞ্জি ট্রফিতে দিগ্বিজয়ের অভিষেক। গত বছর মুশতাক আলি ট্রফিতেও খেলেছেন তিনি। 

এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন দিগ্বিজয়। নিলামের আগে প্রথম শ্রেণির এক ম্যাচে ছয় উইকেট পেয়েছিলেন তিনি। বলা যায় এই পারফরম্যান্সের সৌজ্যন্যেই ২০ লক্ষ টাকার বিনিময়ে তাকে দলে নিয়েছে মুম্বাই। 

কাই পো ছে ছবি করার সময়ই সুশান্তকে ক্রিকেটার হওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন দিগ্বিজয়। এটাও বলেছিলেন, স্টেডিয়ামে কখনো খেললে গুরুকে আমন্ত্রণ জানাবেন। বেঁচে থাকলে হয়তো আইপিএলে মাঠে বসেই দিগ্বিজয়ের খেলা উপভোগ করতেন সুশান্ত। এখন হয়তো অন্য জগত থেকেই শিষ্যের খেলা দেখবেন তিনি। খেলা দেখার সময় কী তার চোখের কোণে অশ্রু জমা হবে? এ প্রশ্নের উত্তর হয়তো কখনোই পাওয়া যাবে না। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!