সকল আরচ্যারই করোনা নেগেটিভ
মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে কাল থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় আরচ্যারী দলের অনুশীলন। এর আগে প্রথম আটজনের করোনা পরীক্ষা করানো হয়েছে। জানা গেছে কেউই করোনায় আক্রান্ত নন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন বিষয়টি নিশ্চিত করে
ফেডারেশনের মেডিকেল কমিটির আহ্বায়ক ডা. এহছানুল করিমের তত্ত্বাবধানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে আরচ্যারদের করোনা পরীক্ষা করানো হয়।
.png)
প্রথম দিনে পরীক্ষা করিয়েছেন রোমান সানা, রামকৃষ্ণ সাহা, ইমদাদুল হক, শাকিব মোল্লা, হাকিম আহমেদ, তামিমুল ইসলাম, আবদুর রহমান, প্রদীপ্ত চাকমা।
এ ছাড়া ক্যাম্পের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিখ, সহকারী কোচ জিয়াউল হকসহ মোট ১৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
আরচ্যারদের কেউ করোনায় আক্রান্ত হননি শুনে স্বস্তির নিশ্বাস ফেলেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন, ‘ওদের করোনা পরীক্ষার ফল নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম। অবশেষে স্বস্তি পেয়েছি। আমরা আরচ্যারদের সুরক্ষা সামগ্রী প্রয়োজনের তুলনায় বেশি পাঠিয়েছি। এখন নিশ্চিন্তে ট্রেনিং শুরু করবে সবাই’।
আগামী ২৩ আগস্ট দ্বিতীয় ধাপে মেয়েদের রিকার্ভ ইভেন্টের চারজনকে এবং ৩০ আগস্ট তৃতীয় ধাপে কম্পাউন্ড ইভেন্টের দুই মেয়ে ও চার ছেলে আরচ্যারের করোনা পরীক্ষা করানো হবে।