‘ক্রিকেট থেকে এতটা দিন দূরে থাকাটা ছিল খুবই কষ্টের’
গত চার মাস নিজের জীবনের সবচেয়ে ‘কষ্টকর’ সময় ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান এনামুল হক বিজয়। তিনি বলেন, ক্রিকেট থেকে এতটা দিন দূরে থাকাটা ছিল খুবই কষ্টের। কোভিড-১৯ এর সংক্রমণের কারণে এই সময় ক্রিকেটীয় কর্মকান্ড থেকে দূরে থাকতে হয়েছে তাকে।
সোমবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করতে এসেছিলেন ডান হাতি এ ব্যাটসম্যান। যেখানে আজ অনুশীলন করেছেন জাতীয় দলের আরো অনেক তারকা।
শুরুতে জাতীয় দলের খেলোয়াড়দের মাত্র আট দিনের জন্য দৌঁড়ানো, জিম এবং ইনডোরে ব্যাটিং অনুশীলনের সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে অবশ্য এটিকে আরো কিছুদিন বাড়ানোর ঘোষণা দেয় বোর্ড।
.png)
করোনাকালে নিজ গৃহে নিয়মিত ফিটনেস ট্রেনিংয়ে অংশ নেয়া এনামুল বাড়তি সময়ের এই সুযোগকে কাজে লাগিয়ে আউটডোর অনুশীলন শুরু করেছেন।
প্রথম দিনের অনুশীলনের পর এই ওপেনার বলেন, চার মাস পর আমি মিরপুরে অনুশীলনে ফিরলাম। সত্যি খুব ভাল লাগছে। ক্রিকেট থেকে এতটা দিন দূরে থাকাটা ছিল খুবই কষ্টের। এ সময় আমরা ইনডোরেই ফিটনেস অনুশীলন করেছি। কিন্তু মিরপুরে অনুশীলন করাটা সব সময় বিশেষ কিছু’।
এর আগে নিজ এপার্টমেন্টে অনুশীলন করেছেন এ ব্যাটসম্যান। এখন থেকে তিনি আউটডোরে অনুশীলন অব্যহত রাখবেন বলে জানিয়েছেন। এমন উদ্যোগের জন্য বিসিবি ধন্যবাদ পাবার দাবীদার জানিয়ে এনামুল বলেন, ঈদের আগে আমি এই অনুশীলন অব্যাহত রাখব। ঈদের ছুটির পরও চলবে আমার অনুশীলন। নিরাপদ পরিবেশে অনুশীলনের এই সুযোগ করে দেয়ায় আমি বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যারা এই কর্মকান্ডে আমাদের সাহায্য করছেন তাদের।
এনামুল সহ মোট ১৪জন ক্রিকেটার ব্যক্তিগত এই অনুশীলনে যোগ দিয়েছেন। অবশ্য আউটডোর অনুশীলনকে নিরুৎসাহিত করছে বোর্ড।