নারী কর্মীদের জন্য চালু হলো ১০ দিনের ‘পিরিয়ডস লিভ’!
প্রতি মাসে সব নারীরাই পিরিয়ডের সম্মুখীণ হয়ে থাকেন। এই বিষয়টি অনেকের জন্যই অস্বস্তি ও অসুস্থতার কারণ। বিশেষ করে- পেটে ব্যথা, অতিরিক্ত বেশি বা কম রক্তক্ষরণ, মাথা ঘোরা, শরীর দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো দেখা যায়।
আর নারী কর্মীদের বিশেষ এই সময়ের জন্য ১০ দিনের ‘পিরিয়ডস লিভ’ চালু করল ভারতের অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটো। এই সংস্থাটি তাদের নারী কর্মীদের জন্য ১০ দিনের পিরিয়ড লিভের ব্যবস্থা করেছে। কারণ অনেক নারী এই সময়ে অসুস্থ হয়েও বাধ্য হন পেইন কিলার খেয়ে অফিস করতে।
বছরে সাধারণ সিক লিভের পাশাপাশি এই বাড়তি ১০ দিন ছুটি নিতে পারবেন নারী কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমর্থন করেছেন কোম্পানির এই সিদ্ধান্তকে। সেই সঙ্গে এই প্রতিষ্ঠানের নারী কর্মীদের শুভকামনা জানিয়েছেন। নারীদের কাজে উৎসাহ দেয়া এবং তাদের জন্য বিশেষ এই ছুটির জন্য জোম্যাটের প্রশংসার পাশাপাশি সকলেই বলছেন এই পিরিয়ডস লিভ অন্য অফিসগুলোতেও চালু করা উচিত।
যদিও আমাদের দেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে পিরিয়ডস এখনো একটা ট্যাবু হয়েই রয়েছে। সবসময় পিরিয়ডস নিয়ে নারীর নিজেকে আড়াল করার প্রবনতা দেখা যায়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে প্রথমেই প্রয়োজন সচেতনতা। স্কুল, কলেজ, অফিস, পরিবারসহ সবার সহানুভুতিশীল দৃষ্টিভঙ্গি। প্রতিটি মেয়েকেই জীবনের এই সময়টা পার করতে হয়।
পিরিয়ডের সময় তাদের শারীরিক ও মানসিক নানা পরিবর্তন ঘটে থাকে এই সময়ে। অনেকের মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কেউ কেউ একেবারেই খেতে পারেন না। নারীদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ ও তাদের কাজের সুযোগ বাড়িয়ে দিতে জোম্যাটোর এই উদ্যোগ পুরো বিশ্বের জন্য অনুকরণীয় হতে পারে।