ইশরাক হোসেন রাজপথের অকুতোভয় যোদ্ধা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়, বরং এর মাধ্যমে তাঁর আরও বড় রাজনৈতিক দায়িত্ব পালনের পথ খুলে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পবিত্র ওমরাহ পালনে বর্তমানে সৌদি আরবে অবস্থানরত মাহ্দী আমিন লেখেন, রাজপথের লড়াইয়ের অন্যতম মুখ ইশরাক হোসেনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে ইশরাকের ভূমিকা অনস্বীকার্য। সম্প্রতি তাঁর কাজের পদ্ধতি নিয়ে মতভিন্নতা থাকতে পারে, তবে তাঁর উদ্যোগের লক্ষ্য ও নৈতিকতা নিয়ে কোনো সংশয় নেই।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও উল্লেখ করেন, সরকারে থাকা বা পদত্যাগ করা দিয়ে ইশরাকের মতো ত্যাগী নেতার রাজনৈতিক অবদান মাপা সম্ভব নয়। একই সঙ্গে এই ঘটনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতার বিষয়টিও স্পষ্ট হয়েছে। ইশরাক হোসেনের এই আত্মোপলব্ধি ও পদত্যাগ সামনে তাকে গণমানুষের আরও কাছে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।