ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
স্বচ্ছ নির্বাচনের বাইরে ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বাইরে নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় কোনো এজেন্ডা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সব অংশীজনের সহযোগিতায় ভালো জাতীয় নির্বাচন করা সম্ভব হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ইউনিয়ন পর্যায়ে মানুষের সেবা ব্যাহত হচ্ছে। এ কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে আয়োজন করা হচ্ছে। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চায় কমিশন। নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না।
তবে প্রতিদ্বন্দ্বীরা দলীয় সমর্থন নিয়ে মাঠে থাকবেন। তাই এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, ‘ফাউল করার জন্য যাতে মাঠে কেউ না থাকে, সে জন্য রেফারির ভূমিকায় থাকবে ইসি।’ প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিশন বদ্ধপরিকর বলেও জানান তিনি।
সিইসি আরও বলেন, ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। কমিশন স্বচ্ছ থাকতে চায়। মাঠের বাস্তবতা সবাই জানেন। সম্মিলিতভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান তারা।
এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দিনের সংলাপ শুরু হয়। এতে ১৫টি দল অংশ নেয়। দলগুলো হলো—জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।
সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। আর ১ ডিসেম্বর এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি।
ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।
প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।