ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ইউপি নির্বাচন সামনে রেখে ১৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনের সংলাপে ১৫টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। এর আগে সকাল থেকে একে একে সেখানে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, সব পক্ষের সহযোগিতা ছাড়া ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য তিনি অংশীজনদের সহযোগিতা কামনা করেন।
সিইসি বলেন, নির্বাচনে যত ধরনের চ্যালেঞ্জই আসুক না কেন, সবাইকে মিলেই তা মোকাবিলা করতে হবে।
এর আগে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। রোববার থেকে টানা তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একটি সভা অনুষ্ঠিত হবে।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানান, প্রথম দিনের সংলাপে জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের সঙ্গে বৈঠক করবে ইসি।
তিনি আরও জানান, প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত আন্দোলনের অংশ নেওয়ার কথা থাকলেও দলগুলো পরে সংলাপে অংশ নেবে বলে কমিশনকে জানিয়েছে।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম দিনের মতবিনিময় হওয়ার কথা রয়েছে। ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর—এই তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি।
এর আগে গত ১৬ নভেম্বর নির্বাচন কমিশন জানায়, আসন্ন ইউপি নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।
দ্বিতীয় ধাপে ১১৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।