ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৫, ২৯ অক্টোবর ২০২৬
জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত।

জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাতেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পৌঁছানোর কথা।

চার দিনের এ সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সফরকালে কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

জাপান সফরে দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে অন্যতম ছিল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং কৌশলগত অংশীদারি আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

সফরের অংশ হিসেবে জাপানি বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতাদের নিয়ে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’-এ অংশ নেন তারেক রহমান। সেখানে তিনি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরেন।

সফরের শেষ পর্যায়ে টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী।

চার দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার রাতেই তার দেশে ফেরার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!