ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড

সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:২৯, ১৮ অক্টোবর ২০২৬
সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
সংগৃহীত ছবি

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে পাঠানো হয়। এ সময় দুই প্রবাসীর শিরশ্চেদের প্রেক্ষাপট ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য-প্রমাণ সরকারের কাছে লিখিতভাবে স্পষ্ট করার জন্য অনুরোধ জানানো হয়।

এর আগে শনিবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানান, মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে আগে থেকে কিছু জানানো হয়নি। তবে বিষয়টি জানার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য চেয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সৌদি আরবে ঘটে যাওয়া এই ঘটনাকে ‘আমাদের জন্য একটি বড় শিক্ষা’ হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে—মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক বা ‘ব্যভিচার’মূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। সৌদি ধর্মীয় আইন অনুযায়ী যা একটি গুরুতর ও মারাত্মক অপরাধ। সেই আইনি প্রক্রিয়াতেই ওখানকার আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় দেন।

তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক কাগজপত্র না পাওয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পরই প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে তিনি জানান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!