সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কেন্দুয়ায় মানববন্ধন
নেত্রকোণার দুর্গাপুরে রূপসী বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে সম্প্রতি গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কেন্দুয়া প্রেসক্লাব। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় কেন্দুয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, কেন্দুয়া প্রেসক্লাবে প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখল বিশ্বাস, সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির ও আশরাফ উদ্দিন ভূঁঞা, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, সাংবাদিক মো. সালাহ উদ্দিন সালাম, মঞ্জুরা আক্তার লিলি প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, দুর্নীতি, অনিয়ম ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক ঘটনা। এ ধরনের হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় হুমকি।
তারা আরও বলেন, সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলা চালানোর সাহস না পায়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা । অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দেন বক্তারা ।
মানববন্ধন থেকে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাঁদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা। এ সময় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয়।
কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কেন্দুয়া প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন।
উল্লেখ্য ইতোমধ্য গত ১৭ অক্টোবর মধ্যরাতে দুর্গাপুর পৌরসভার পুরাতন সিনেমা হল রোড এলাকা থেকে সাজেদুল ইসলাম অপূর্ব (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের উৎপল বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হোন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির ।