বিগত সময়ে বিদেশি সহায়তার সঠিক ব্যবহার হয়নি: স্থানীয় সরকারমন্ত্রী
বিগত সময়ে বিদেশি সহায়তার সঠিক ব্যবহার হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, ধনী দেশগুলোও বর্তমানে তাদের আর্থিক সহায়তা কমিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, গত ১৭ বছরের অনিয়ম ও দুর্নীতি বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার বন্ধ করেছে। দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
বৈঠক শেষে ইউনিসেফের প্রতিনিধিদলের সদস্যরা জানান, বাংলাদেশের সব মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে তারা সহযোগিতা করবেন।
এ সময় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা তার মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে উজানে পানি আটকে দেওয়ার কারণে দেশের বিভিন্ন নদীতে পানিপ্রবাহ কমে যাচ্ছে। একই সঙ্গে বাড়ছে লবণাক্ততা।
বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততার প্রভাবে সুপেয় পানির সংকট দিন দিন প্রকট হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
নিরাপদ পানি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী।