গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল হবে চুনকুটিয়ায়
আগামী তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের জন্য নতুন করে বরাদ্দ দেওয়া জায়গা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
.png)
ডিএমপি কমিশনার জানান, ঢাকার যানজট কমাতে বাস টার্মিনাল ও ডিপো আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। মহাখালী বাস টার্মিনাল বর্তমান জায়গাতেই থাকবে। তবে এর ডিপো পূর্বাচলে স্থানান্তর করা হবে।
তিনি বলেন, রাজধানীর যানজটের অন্যতম কারণ গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল। এ দুটি টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় নেওয়া হবে। একই সঙ্গে টার্মিনাল ও ডিপোর কার্যক্রম আলাদা করা হবে।
এ সময় বাস মালিক সমিতির নেতারা মহাখালী বাস টার্মিনালের নতুন বরাদ্দ করা জায়গা পরিদর্শন করেন। সেখানে প্রায় ৮০টি বাস রাখার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে মিরপুরে সম্প্রতি সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।
বাস মালিক সমিতির প্রতিনিধিরা বলেন, রাজধানীর বাস টার্মিনাল এলাকাগুলোর যানজট নিরসনে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।