ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: আসিফ নজরুল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৩০, ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: আসিফ নজরুল
ড. আসিফ নজরুল

শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। বইটি বিক্রিতে বাধা দেওয়া এবং প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনারও নিন্দা জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান আসিফ নজরুল।

Advertisement

পোস্টে তিনি লেখেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা দেওয়ার ঘটনায় তিনি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। তাঁর ভাষ্য, বইটি নিষিদ্ধ নয়। একই সঙ্গে বই বিক্রিতে বাধা দেওয়া, ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং সেখানকার দুই কর্মীকে নিয়ে যাওয়ার ঘটনাকে তিনি বেআইনি ও অপরাধমূলক কাজ হিসেবে উল্লেখ করেন। এ বিষয়ে সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে ২৮ সেপ্টেম্বর বিকেলে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে বাধা দেওয়ার ঘটনা ঘটে। ইউপিএলের পক্ষ থেকে জানানো হয়, দুই কর্মীকে সেখানে থেকে নিয়ে ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

আসিফ নজরুল তাঁর পোস্টে বিগত সরকারের সময় বই বিক্রিতে বাধা ও বই নিষিদ্ধ করার বিভিন্ন ঘটনার প্রসঙ্গও টানেন। তাঁর দাবি, বর্তমানে একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটলে তা মুক্তচিন্তার মানুষের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!