ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

একনেকে অনুমোদনের জন্য উঠছে ১৫ প্রকল্প

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬
একনেকে অনুমোদনের জন্য উঠছে ১৫ প্রকল্প
ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য ১৫টি নতুন ও সংশোধিত প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।

সভায় অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো, কৃষি, পানিসম্পদ, স্থানীয় সরকার, ভৌত অবকাঠামো এবং শিল্প ও জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্প অনুমোদনের জন্য তোলা হবে।

Advertisement

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের তিনটি প্রকল্প রয়েছে। এগুলো হলো—মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, যক্ষ্মা-এইচআইভি-এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা জোরদার এবং পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের চতুর্থ দফা মেয়াদ বৃদ্ধি।

এ ছাড়া আর্থিক খাতের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২, তিন বিভাগে শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণ, মুন্সিগঞ্জে বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং ভোলায় নদীভাঙন প্রতিরোধের প্রকল্প রয়েছে।

তালিকায় আরও রয়েছে ডিজিটাল ভূমি জরিপ, রংপুর বিভাগের সড়ক উন্নয়ন, তিন জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামোর দ্বিতীয় পর্যায়ের প্রকল্প।

এ ছাড়া যশোর, সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন, র‌্যাবের সক্ষমতা বৃদ্ধি, পেকুয়ায় বিদ্যুৎকেন্দ্রের জন্য ভূমি অধিগ্রহণ এবং পার্বত্য তিন জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পও একনেক সভায় উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, এর আগে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের সভায় ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। এসব প্রকল্পের মোট ব্যয় ছিল ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!