ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান
সংগ্রহীত ছবি

শান্তি প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের অর্থবহ অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারীর ওপর নিপীড়নের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি’ (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

ফিলিপাইন, ইতালি ও জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন যৌথভাবে বৈঠকটির আয়োজন করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক ১৩২৫ নম্বর প্রস্তাব গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ বৈঠকে প্রস্তাবটির বাস্তবায়ন ও জবাবদিহিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ ২০০০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে প্রস্তাবটি সমর্থনের বিষয়টি স্মরণ করে শামা ওবায়েদ শান্তি ও নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি নারীদের নেতৃত্বে প্রাথমিক সতর্কতা ও মধ্যস্থতা কার্যক্রম জোরদার, শান্তি আলোচনায় আরও বেশি নারীকে অন্তর্ভুক্ত এবং জলবায়ু ও মানবিক কার্যক্রমে ডব্লিউপিএস এজেন্ডাকে আরও কার্যকরভাবে যুক্ত করার আহ্বান জানান। একই সঙ্গে নারীর ওপর সহিংসতা ও নিপীড়নের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেন।

শামা ওবায়েদ জানান, বাংলাদেশ বর্তমানে দ্বিতীয় উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান প্রণয়নের কাজ করছে। পরিকল্পনাটি আরও অন্তর্ভুক্তিমূলক, বাস্তবসম্মত ও পরিমাপযোগ্য করার বিষয়ে কাজ চলছে।

এ ছাড়া নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সহিংসতা মোকাবিলায় বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়টি তুলে ধরেন তিনি। পাশাপাশি এর আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোকে যোগ দেওয়ার আহ্বান জানান।

বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন। তারা নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার বাস্তবায়ন জোরদার এবং শান্তি ও নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!