ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও মেটা প্ল্যাটফর্মসের লোগো। ছবি: সংগৃহীত

ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা বাংলাদেশে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণ করতে চায়। এ লক্ষ্যে ঢাকায় একটি অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। বিষয়টি নিয়ে মেটার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Advertisement

শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের জন্য একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী বৈঠকে থাকার কথা থাকলেও সময়ের কারণে তিনি অংশ নিতে পারেননি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মেটার সঙ্গে ঢাকায় অফিস খোলার বিষয়েও আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানটি এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে সহযোগিতার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়েও আগ্রহ রয়েছে তাদের।

তিনি বলেন, বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন নিয়েও মেটার সঙ্গে আলোচনা হয়েছে। একই সঙ্গে দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের বিকাশে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গেও কাজ করতে আগ্রহী মেটা। বিশেষ করে ডিজিটাল হয়রানি কমাতে কী ধরনের সহযোগিতা করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করার বিষয়েও প্রতিষ্ঠানটির আগ্রহ রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের প্রথম বাজেটে প্রযুক্তি ও ই-কমার্স খাতে যে বরাদ্দ রাখা হয়েছে, বৈঠকে সেটিও আলোচনায় এসেছে। মেটা এ উদ্যোগের প্রশংসা করেছে।

তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশে মেটার টিমের সঙ্গে কাজ করার বিষয়ে প্রতিষ্ঠানটি আগ্রহী। ঢাকায় কখন অফিস খোলা হবে, তা পর্যালোচনা করে পরবর্তীতে জানাবে মেটা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!