ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জ্বালানির দাম বৃদ্ধি হওয়ায় বাড়ল বাস ভাড়া

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:২৩, ২২ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানির দাম বৃদ্ধি হওয়ায় বাড়ল বাস ভাড়া
সংগৃহীত ছবি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লা ও মহানগর এলাকায় চলাচলকারী বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পরিবহন মালিকদের বৈঠক শেষে ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত জানানো হয়।

Advertisement

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও মহানগর রুটে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়বে। ফলে রাজধানীসহ বিভিন্ন মহানগর ও দূরপাল্লার রুটে যাত্রীদের আগের তুলনায় বেশি ভাড়া দিতে হবে।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর সোমবার বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেন পরিবহন মালিকরা। তারা কিলোমিটারপ্রতি বাসভাড়া ১৮ থেকে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দেন। সোমবার সন্ধ্যায় ঢাকার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।

এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়।

সর্বশেষ ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা ছিল। আর দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। নতুন করে ১৭ পয়সা বাড়ানোর ফলে এসব রুটে ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!