রাজধানীতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ, দুই শতাধিক চেকপোস্টে তল্লাশি
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাত পৌনে ১১টার দিকে পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর কিছুক্ষণ আগে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন এলাকায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়ীতে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন রিকশাচালক আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে। প্রাথমিকভাবে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
.png)
অন্যদিকে রাজধানীর মিরপুর, পল্লবী, বাড্ডা, মাতুয়াইল ও কদমতলীতে অন্তত পাঁচটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মিরপুর-১১ নম্বরে চলন্ত শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। একই সময় মিরপুর-১ এলাকায় অভিজাত পরিবহনের একটি বাস এবং বাড্ডায় আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। মিরপুর-১১-এর ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবারও রাজধানীর একাধিক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী, মহাখালী, আগারগাঁও ও মালিবাগসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। যাত্রাবাড়ীতে থানার সামনে ও আশপাশে কয়েকটি ককটেল বিস্ফোরণে একজন অটোরিকশাচালক আহত হন। মহাখালী ও আগারগাঁওয়ের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ সড়ক, ফ্লাইওভার, মোড় ও রাজধানীর প্রবেশপথগুলোতে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও পিকেট ডিউটি।
দুই শতাধিক চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি
পরপর এসব ঘটনার পর রাজধানীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ডিএমপি। প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, ফ্লাইওভার ও ঢাকায় প্রবেশের প্রধান পথগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহজনক যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলের ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে। থানা মোবাইল প্যাট্রোল, ফুট প্যাট্রোল ও হোন্ডা প্যাট্রোল বাড়ানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, বড় ধরনের অপরাধ বা নাশকতা প্রতিরোধে গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও এপিবিএনের সদস্যদেরও গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন রাখা হয়েছে। রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশি ও নজরদারি অব্যাহত রয়েছে।
২৪ ঘণ্টায় ৫১৫ জন গ্রেপ্তার
ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, শনিবার সকাল ১০টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন অভিযানে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন অভিযোগে ৪৭টি মামলা হয়েছে।
ওই অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, গুলি, দেশীয় অস্ত্র এবং বিস্ফোরিত ককটেল থেকে লোহার পেরেক উদ্ধারের তথ্যও জানিয়েছে পুলিশ। ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
এদিকে শুক্রবার যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বাসে অগ্নিসংযোগের ঘটনাতেও পৃথক মামলা ও জিডির তথ্য পাওয়া গেছে। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন, চেকপোস্ট, তল্লাশি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সর্বশেষ ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।