বিএনপির মনোনয়ন পেলে দলীয় পদ ছাড়তে হবে: বুলু
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির কোনো পদধারী নেতা দলীয় মনোনয়ন নিয়ে প্রার্থী হলে মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে দলীয় পদ থেকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
তিনি বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার আগে জনপ্রিয়তা ও জয়ী হওয়ার সক্ষমতার বিষয়ে প্রার্থীকে লিখিত দিতে হবে। দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হলে বিষয়টি সাংগঠনিকভাবে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
বুধবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু।
.png)
বুলু বলেন, ‘ভোট করতে হলে আগে লিখিত দিতে হবে প্রার্থী জনপ্রিয় এবং নির্বাচনে জয়ী হওয়ার মতো অবস্থানে আছেন। মনোনয়ন নিয়ে পরে পরাজিত হলে তা মেনে নেওয়া হবে না।’
তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এমনকি প্রার্থী হয়ে পরাজিত হলে বিএনপির প্রাথমিক সদস্যপদও বাতিল করা হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।