ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

ডোপ টেস্টে দুই ধরনের মাদক শনাক্ত, পুলিশ সুপার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২২, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডোপ টেস্টে দুই ধরনের মাদক শনাক্ত, পুলিশ সুপার বরখাস্ত
সংগৃহীত ছবি

ডোপ টেস্টে ‘পজিটিভ’ হওয়ায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০২৬ কোর্স চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ডোপ টেস্ট করা হয়।

পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ পাওয়া যায়।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আ ফ ম নিজাম উদ্দিন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে কর্মরত। বর্তমানে তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

মিরপুর সেনানিবাসে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে গত ৮ জানুয়ারি পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে তিনি কোর্সস্থলে যান। কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়। এতে প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ পাওয়া যায়।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডোপ টেস্টের ফলাফলকে ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড ‘অসদাচরণ’ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ।

একই বিধিমালার ১২(১) অনুযায়ী, গত ৩১ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তের সময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!