চাকরির নিয়োগ পরীক্ষার ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রচলিত নিয়ম অনুসরণ করে যোগ্যতা ও মেধার ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
.png)
মন্ত্রী বলেন, শুধু চাকরি পাওয়া কিংবা পুঁথিগত জ্ঞান অর্জনই জীবনের মূল লক্ষ্য হতে পারে না। দেশের জন্য অবদান রাখতে শিক্ষার্থীদের কাজ করতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়ানোর বিষয়ে সতর্ক করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একটি শ্রেণি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা ছড়াচ্ছে। এতে জনগণ ও সরকার উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধেও সবাইকে সতর্ক থাকতে হবে।
পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, সরকার এসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।