বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়ে দুই দেশই ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
.png)
শেখ রবিউল আলম বলেন, দুই দেশের স্বার্থে কীভাবে একসঙ্গে কাজ করা যায় এবং এর মাধ্যমে উভয় দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা যায়, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় করা এবং রাষ্ট্রীয় পর্যায়ে সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদ্যমান কিছু সমস্যা নিয়ে কথা বলেছি।’
এদিকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের সড়ক ও রেল যোগাযোগ জোরদার এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘আজকে মূলত দুই দেশের সড়ক ও রেল যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার কীভাবে ঘটানো যায়, সেসব নিয়ে আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।