ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না কাঁচা চামড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৯, ১৮ জুন ২০২৪
সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না কাঁচা চামড়া
ফাইল ফটো

সারাদেশে মৌসুমি ব্যবসায়ীদের কাছে কাঁচা চামড়ার চাহিদা কম থাকায় সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না। এমনটাই দাবি করেছেন কোরবানির ঈদে পশু কোরবানি দেওয়া ব্যক্তিরা।

তারা বলছেন, গরুর চামড়ার জন্য মৌসুমি ব্যবসায়ীরা অনেক কম দাম দিচ্ছেন। এক লাখ টাকায় কেনা একটি গরুর চামড়ার জন্য মাত্র ৪০০ টাকা দিতে চেয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। একইভাবে এক লাখ ১৬ হাজার টাকায় কেনা আরেকটি গরুর চামড়া বিক্রি হয়েছে মাত্র ৪০০ টাকায়।

চামড়ার আড়তদার ও ট্যানারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার লবণের দাম কিছুটা কমলেও শ্রমিকের মজুরি ও গাড়িভাড়া বেড়েছে। কিছু চামড়া নষ্টও থাকে। সব মিলিয়ে নির্ধারিত দরের চেয়ে কিছুটা কমে কাঁচা চামড়া কিনতে হয়। 

Advertisement

পুরান ঢাকার লালবাগের পোস্তার আড়তগুলো কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের অন্যতম বড় জায়গা। সেখানে গতকাল সোমবার বিকেলে বড় ও মাঝারি আকারের গরুর কাঁচা চামড়া সর্বোচ্চ ৮০০-৯০০ টাকায় বিক্রি হয়েছে।

এছাড়া সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বড় ও মাঝারি আকারের চামড়া ৭০০-৮৫০ টাকায় বিক্রি হয়েছে। হাজারীবাগেও একই দরে চামড়া বিক্রি হয়েছে।

চামড়া খাতের একাধিক বাণিজ্য সংগঠনের নেতাদের নিয়ে গত ৩ জুন এক বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় কোরবানি পশুর চামড়ার দর নির্ধারণ করা হয়। 

এতে ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৫৫-৬০ টাকা, যা গত বছর ছিল ৫০-৫৫ টাকা। ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫০-৫৫ টাকা, যা গত বছর ছিল ৪৫-৪৮ টাকা। এছাড়া খাসির লবণযুক্ত চামড়া ২০-২৫ টাকা এবং বকরির চামড়া ১৮-২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই হিসেবে সাধারণত বড় আকারের গরুর চামড়া ৩১-৪০ বর্গফুট, মাঝারি আকারের গরুর চামড়া ২১-৩০ এবং ছোট আকারের গরুর চামড়া ১৬-২০ বর্গফুটের হয়। 

নির্ধারিত দাম অনুযায়ী, ঢাকায় মাঝারি আকারের গরুর ২৫ বর্গফুটের একটি লবণযুক্ত চামড়ার দাম হওয়ার কথা ১ হাজার ৩৭৫ থেকে ১ হাজার ৫০০ টাকা। এতে লবণ, মজুরি ও অন্যান্য খরচ বাবদ গড়ে ৩০০ টাকা বাদ দিলে ঐ চামড়ার আনুমানিক মূল্য দাঁড়ায় ১ হাজার ৭৫ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা।

এদিকে এ বছর দাম বাড়ানো হয়েছে খাসি ও বকরির চামড়ার। গত বছর প্রতি বর্গফুট লবণযুক্ত খাসির চামড়ার দাম ছিল ১৮-২০ টাকা। এবার সেটি বাড়িয়ে ২০-২৫ টাকা করা হয়েছে। এছাড়া বকরির চামড়ার দাম বর্গফুট প্রতি বেড়েছে ৬ টাকা।

পুরান ঢাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী কয়েকটি খাসির চামড়া কিনে মাংস ছাড়াচ্ছিলেন। তিনি বলেন, প্রতিটি চামড়া ১০ টাকা করে কিনেছেন।

পুরান ঢাকার পোস্তা এলাকায় কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) সভাপতি আফতাব খান বলেন, চলতি বছর চামড়ার সরবরাহ ভালো। আমরা পোস্তার ব্যবসায়ীরা ১ লাখ ৬০ হাজার কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়েছিলাম। আশা করছি, সেই পরিমাণ চামড়া কিনতে পারব।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!