ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদের ছুটি শেষ, প্রিয়জনদের ছেড়ে ফিরছেন কর্মজীবীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৮, ২৩ এপ্রিল ২০২৩
ঈদের ছুটি শেষ, প্রিয়জনদের ছেড়ে ফিরছেন কর্মজীবীরা
ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। রোববার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে ঈদ ফেরত লোকজনের ভিড়।

টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে আগামীকাল সোমবার (২৪ এপ্রিল) থেকে খুলবে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ঢাকায় যারা এসব কাজে দায়িত্ব পালন করছেন একদিন আগেই তাদের ফিরতে হচ্ছে।

রোববার দুপুরে কমলাপুর স্টেশনে সরেজমিন দেখা গেছে রাজধানীতে ফিরছে মানুষ। এ সময় কথা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইনজামামুল হক সিয়াম। তিনি বলেন, কাল অফিস ধরতে হবে তাই আজ তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরেছেন। তিনি জানান, আমরা স্বামী-স্ত্রী দুজনই চিকিৎসক। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ শেষে কাজে যোগ দিতে হবে। তাই ঢাকা চলে এসেছি।

Advertisement

একই ট্রেনে ঢাকায় ফিরেছেন বেসরকারি চাকরিজীবী রহিম শিকদার। তিনি বলেন, আগামীকাল থেকে অফিস শুরু। তাই চাইলেও বেশিদিন বাড়িতে থাকার সুযোগ নেই। ঈদে পরিবারের সঙ্গে আনন্দ শেষে ফিরতে তো খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই।

এর আগে দুপুরে কমলাপুর স্টেশনে আসে ভাওয়াল এক্সপ্রেস। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ শেষে এই ট্রেনেই গাজীপুর থেকে ফিরছেন ব্যবসায়ী মো. কবীরুল আলম। সঙ্গে ছিলেন স্ত্রী-সন্তান ও মা-বোন।

তিনি বলেন, ঢাকায় আমার আড়ৎ আছে। তাই চাইলেও বেশিদিন বাড়িতে থাকতে পারি না। আর পরিবারের সবাই তো ঢাকায়ই থাকে। তাই ফিরে আসা।

তবে শুধু যে চাকরি সুবাদে সবাই ঢাকায় ফিরছে এমন নয়। অনেকে দেশের বিভিন্ন জায়গায় আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাবেন, সে কারণে রাজধানীতে ফিরছেন।

ভাওয়াল এক্সপ্রেসে করে গাজীপুর থেকে আসা আরাফাত তেমনি একজন। তৈরি পোশাক কারখানায় কাজ করা আরাফাত স্ত্রীকে নিয়ে বেড়াতে যাচ্ছেন চাঁদপুর শ্বশুরবাড়িতে। ঈদ বাড়িতে করেছি। এখন শ্বশুরবাড়ি যাচ্ছি। ঢাকা থেকে বাসে চাঁদপুর যাবো। তাই আগে ট্রেনে করে ঢাকায় আসা।

বেসরকারি চাকরিজীবী সুমন মিয়া ভাওয়াল এক্সপ্রেসে এসেছেন ময়মনসিংহ থেকে। তিনি বলেন, ঈদের ছুটি আজকে শেষ হলেও অফিসে বলে দুইদিন বেশি ছুটি নিয়েছি। তাই পরিবার নিয়ে চাঁদপুরে খালার বাড়ি যাচ্ছি।

দুপুর পৌনে ১টার দিকে কমলাপুর স্টেশনে থামে ব্রহ্মপুত্র এক্সপ্রেস; একটার দিকে জামালপুর কমিউটার ট্রেন এসে পৌঁছায়। প্রতিটি ট্রেনেই সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরিজীবী ফিরেছেন রাজধানীতে।

কমলাপুর রেল স্টেশনে শুধু যে মানুষ ফিরে আসছেন, তা নয়। ঢাকা থেকে যাচ্ছেনও অনেকে। রোববার ভোরে অসংখ্য যাত্রী বাড়ি যেতে স্টেশনে আসেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ কমে যায়।

ঈদ ও শবে কদর মিলিয়ে সরকারি ছুটি ছিল ৫ দিন। গত বুধবার (১৯ এপ্রিল) শবে কদরের পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর শুক্রবার (২১ এপ্রিল) থেকে ঈদের ছুটি শুরু হয়। যা শেষ হচ্ছে আজ (২৩ এপ্রিল)।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ঈদ
লিংক সফলভাবে কপি হয়েছে!