ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০২২
কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু
ফাইল ছবি

দেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের কোভিড টিকা দেওয়া শুরু হয়েছে।

রোববার সকালে রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদরাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে এই টিকাদান শুরু হলো। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ও অধিদফতরের করোনার টিকা বিষয়ক কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ সময় উপস্থিত ছিলেন।

দুই মাস আগে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু করে সরকার। তখন একই বয়সী মাদরাসার শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি আলোচনায় আসে।

সরকারি হিসাবে দেশে কওমি মাদরাসা আছে ১৯ হাজার ১৯৯ টি। এসব মাদরাসায় শিক্ষার্থীর সংখ্যা ১৪ লাখের বেশি।

টিকাদান কমিটির সদস্য সচিব শামসুল হক শনিবার বলেন, টিকা কার্যক্রম শুধু ঢাকা নয়, সারাদেশের কওমি মাদরাসায় টিকা দেওয়া হবে। আস্তে আস্তে এটার প্রসার বাড়ানো হবে।

আরো পড়ুন> আজ থেকে টিকা পাবেন কওমি শিক্ষার্থী-ভাসমান মানুষ

তিনি আরো বলেন, স্কুল শিক্ষার্থীদের যেভাবে টিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, ঠিক সেভাবেই ১২ থেকে ১৮ বছরের কওমি শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। ইটভাটার শ্রমিক, জেলে সম্প্রদায় এবং বেদে পল্লীতেও টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, ফাইজারের টিকা দেওয়ার মতো উপযোগী কেন্দ্রও প্রস্তুত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে দেওয়া তালিকা অনুসারেই সাজানো হয়েছে কার্যক্রম।

এর আগে, স্কুল-কলেজের শিক্ষার্থীরা টিকা পেলেও মাদরাসা শিক্ষার্থীরা টিকাদান কার্যক্রমের বাইরে ছিল। অপরদিকে, ঢাকা এবং ঢাকার বাইরে প্রায় ছয় লাখ ভাসমান মানুষকে মডার্নার টিকা দেওয়া হবে। এর মধ্যে ঢাকায় দুই লাখ ৮৫ হাজার ভাসমান মানুষ রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!