ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

আবরার ফুটওভার ব্রিজ চালু হতে আরো দু মাস লাগবে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৫, ৩ জুন ২০১৯
আবরার ফুটওভার ব্রিজ চালু হতে আরো দু মাস লাগবে 
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হওয়ার পর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি তোলে ছাত্ররা। সেই দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম গত ২০ মার্চ প্রগতি সরণির বসুন্ধরা গেটের সামনে একটি ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের একদিন পরই শুরু হয় নির্মাণ কাজ।

সেই সময় মেয়র কথা দিয়েছিলেন তিন মাসের মধ্যে ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হবে। নির্মাণ কাজের শুরুর দিন থেকে ৩ জুন পর্যন্ত ৭৫ দিন অতিবাহিত হয়েছে। তিন মাস শেষ হতে বাকি মাত্র ১৫ দিন। ঘোষণা অনুযায়ী আগামী ১৮ জুন শেষ হবে সেই তিন মাস। 

এর আগেই সোমবার সকালে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি দেখতে যান মেয়র আতিকুল ইসলাম।

পরিদর্শন শেষে মেয়র বলেন, এই ফুটওভার ব্রিজের কাজ করতে এসে আমাদের অভিজ্ঞতা হয়েছে- মাটির নিচে অনেক ধরণের সার্ভিস লাইন থাকে। একটি সার্ভিস লাইনেরও ক্ষতি না করে নির্মাণ কাজ করতে হয়েছে। ফলে সময় একটু বেশি লাগছে। ফুটওভার ব্রিজটির ফাউন্ডেশনের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ঈদের আগেই পাইলিংয়ের কাজ শেষ হবে। ঈদের পর সুপার স্ট্রাকচারের কাজ শুরু হবে। আশা করছি আগামী মাসের শেষ নাগাদ এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। 

তিনি আরো বলেন, রাজধানীর সার্ভিস লাইনগুলোর সঠিক অবস্থান নির্ণয়ে ম্যাপিং করার সময় এসেছে। কোথায় কোন সার্ভিস লাইন রয়েছে এসব বিষয় জানতে পারলে কাজ করতে সহজ হবে। তাই এখন সময়ের দাবি একটি ম্যাপিং করা। পথচারীদের সুবিধার্থে ফুটওভার ব্রিজটিতে সিঁড়ির পাশাপাশি এস্কেলেটর থাকবে বলেও মেয়র জানান।

পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন।

ডেইলি বাংলাদেশ/ডিএম/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!