মেঘনায় ইলিশ ধরায় ২৩ জেলের দণ্ড
চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে হাইমচর ইউএনও ফেরদৌসি বেগম ও মতলব উত্তর ইউএনও শারমিন আক্তার এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- মতলব উত্তর উপজেলার শাকিল, মো. শিপন, আব্দুর রহিম, মো. সাগর হোসেন, মীর হোসেন, মো. নাছির উদ্দিন, মো. বাবু, নজরুল ইসলাম, মো. মাসুদ, মো. দুলাল। হাইমচর উপজেলার মজিবর রাঢ়ী ও মো. সাইফুল ইসলাম,
সদর উপজেলার আক্কাছ আলী খান, মো. সুমন খান, মো. আরিফ ও মো. রিপন গাজী।
হাইমচর ইউএনও ফেরদৌসি বেগম বলেন, শুক্রবার সন্ধ্যায় উপজেলার নীলকমল ইউপির ইশানবালা এলাকায় মা ইলিশ ধরে পালানোর সময় ছয় জেলেকে আটক করে টাস্কফোর্স। এ সময় তাদের কাছ থেকে ১৫০ কেজি ইলিশ ও দুটি নৌকা উদ্ধার করা হয়। পরে আটকদের এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।
মতলব উত্তর ইউএনও শারমিন আক্তার বলেন, মেঘনা নদীর ষাটনল ও মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে দশ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি নৌকা ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, দুই উপজেলায় কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।