মৌ খান জোড়া সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন
এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন। বড় পর্দায় মূল গল্পের আবহ ধরে রেখে নির্মিত এই রিমেকে তিনি একটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তবে মৌ খানের অনুরাগীদের জন্য চমকের এখানেই শেষ নয়; চলতি মাসেই ওয়ান্স মোর হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার আরেকটি নতুন সিনেমা।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কামরুজ্জামান পরিচালিত সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা ‘স্নেহের বন্ধন’। অর্থাৎ, মাত্র কয়েকদিনের ব্যবধানে একই মাসে দুটি ভিন্ন স্বাদের সিনেমা নিয়ে রুপালি পর্দায় নিজের উপস্থিতি ধরে রাখছেন এই অভিনেত্রী।
নিজের চরিত্র নিয়ে খোলাসা না করলেও সিনেমাটি আশাবাদী জানিয়ে মৌ বলেন, ‘একজন অভিনয়শিল্পীর সবচেয়ে বড় সার্থকতা হলো ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে দর্শকদের সামনে উপস্থাপন করা। এই মাসে আমার যে দুটি সিনেমা প্রেক্ষাগৃহে দর্শক পাচ্ছে, দুটিতেই দর্শকরা আমাকে সম্পূর্ণ ভিন্ন দুটি রূপে দেখতে পাবেন। ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটিতে আমি একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছি। অন্যদিকে, পূজায় মুক্তি পেতে যাওয়া ‘স্নেহের বন্ধন’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি আবেগের জায়গা। এ সিনেমায় আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং, স্ট্রাগলিং এবং একই সঙ্গে মায়াবী।’