ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

মধুটিলা ইকোপার্ক ও গজনী পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা 

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৬, ২১ মার্চ ২০২০
মধুটিলা ইকোপার্ক ও গজনী পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা 
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শেরপুর জেলার গারোপাহাড়ে স্থাপিত পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করতে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও বন বিভাগ। 

এরইমধ্যে নালিতাবাড়ীর ‘মধুটিলা ইকোপার্ক ও ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন’ কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শেরপুরে বড় ধরনের জনসমাগম এবং পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশ না করতে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। পাশপাশি জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব কোচিং, ব্যাচ করে প্রাইভেট পড়ানো বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

Advertisement

এছাড়া করোনাভাইরাসের থাবা থেকে গণসচেতনতা সৃষ্টির লক্ষে শেরপুর জেলা পুলিশ দেড় লাখ লিফলেট বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।  

জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে ইতালির তিনজন, চীনের একজন, সিঙ্গাপুরের একজন, ভারতের পাঁচজন, মালয়েশিয়ার একজন ও সৌদি আরবের দুইজন।  

গজনী অবকাশ পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণার বিষয়টি শেরপুরের ডিসি আনার কলি মাহবুব ও মধুটিলা ইকোপার্ক বন্ধের বিষয়টি বন বিভাগের মধুটিলা রেঞ্জকর্মকর্তা মো. আব্দুল করিম নিশ্চিত করেছেন। 

শেরপুর জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুল রউফ বলেন, করোনা পজিটিভ রোগীর সংষ্পর্শে আসার কারণে তাদের মধ্যে যদি সর্দি, কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, পাতলা পায়খানাসহ শরীরে কোনো সমস্যা দেখা দেয় তবে টেলিফোনে সংশ্লিষ্ট ডাক্তার বা সিভিল সার্জনকে জানাতে বলা হয়েছে। এছাড়াও যদি করোনার কোনো সংক্রমণ পাওয়া যায়, তাহলে তা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠানো হবে।

তিনি আরো জানান, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে জেলায় বিভিন্ন হাসপাতালে ১৫০টি শয্যা প্রস্তুতিসহ নানা ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে জেলা সদর হাসপাতালে ১০ শয্যার বিশেষ আইসোলেশন ওয়ার্ড, ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে ২০ শয্যা, শ্রীবরদী হাসপাতালে ২০ শয্যা, নালিতাবাড়ীর রাজনগর মা ও শিশু হাসপাতালে ৫০ শয্যা ও নকলার উরফা হাসপাতালে ৫০ শয্যা রয়েছে। করোনায় আক্রান্ত সন্দেহ হলে নালিতাবাড়ী ও নকলার দুটি প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইন কক্ষে রাখা হবে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!