ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

বেপরোয়া সিন্ডিকেট, অস্থির চালের বাজার (১ জুলাই ২০২৪)

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩১, ১ জুলাই ২০২৪
বেপরোয়া সিন্ডিকেট, অস্থির চালের বাজার (১ জুলাই ২০২৪)
ফাইল ফটো

চালের বাজার আবারও অস্থির হয়ে উঠছে। চালের মান ও দোকানভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে ২-৩ টাকা। ক্রেতাদের দাবি, নজরদারি না থাকায় বেপরোয়া হয়ে উঠছে সিন্ডিকেট। অন্যদিকে ব্যবসায়ীরা আভাস দিয়েছেন, বাজারে ধানের জোগান বাড়লে চালের দাম কমবে।

সোমবার রাজধানীর কারওয়ান বাজার, মিরপুরসহ বিভিন্ন বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সরেজমিন দেখা গেছে, খুচরা বিক্রেতারা প্রতিকেজি নাজিরশাইল ৬৫ থেকে ৭৮ টাকা, মিনিকেট ৬২ থেকে ৬৮ টাকা, বিআর-২৮ ও বিআর-২৯ চাল ৫৪ থেকে ৫৬ টাকায় বিক্রি করছেন। মোটা চাল বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫৪ টাকা এবং মোটা হাইব্রিড চাল প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। কোরবানির ঈদের আগে এসব চালের খুচরা দাম কেজিতে ২-৩ টাকা কম ছিল।

Advertisement

মিরপুরের এক ক্রেতা জানান, ঈদের আগে একই দোকান থেকে ৭২ টাকা কেজি দরে মিনিকেট চাল কিনেছিলেন তিনি। আজ একই চালের জন্য তাকে কেজিপ্রতি ৭৫ টাকা দিতে হয়েছে।

এক বিক্রেতা জানান, এক সপ্তাহ আগে তিনি মিনিকেট চাল ৬৮ টাকা কেজিতে বিক্রি করলেও গতকাল ৭০ টাকায় বিক্রি হয়েছে। একইভাবে বিআর-২৮ চালের দাম এক সপ্তাহ আগে ৫৩ টাকা থেকে বেড়ে ৫৫ টাকা কেজি হয়েছে। মিল মালিক-পাইকারদের সিন্ডিকেটের কারণে চালের দাম বেড়েছে।

মিরপুরের মকবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী কামাল সরদার বলেন, মিনিকেট ও নাজিরশাইল চালের দাম ৫০ কেজিতে ১০০ টাকা বেড়েছে, আর বিআর-২৮ চালের দাম ৫০ কেজিতে ৫০ টাকা বেড়েছে। দাম আরো বাড়ার আশায় অনেক কৃষক এখন তাদের ফসল বিক্রি করছেন না। এক সপ্তাহ আগে আমরা মণপ্রতি ১৩০০ টাকায় যে ধান কিনেছিলাম এখন তার দাম ১৩৮০ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!