কবি-সাহিত্যিকরা স্বপ্নের বিবরণ দিয়েছেন তাদের লেখায়। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে শিল্প-সাহিত্য, জনশ্রুতি থেকে জ্যোতিষশাস্ত্র সব জায়গাতেই উল্লেখ আছে স্বপ্নের।
আজ কিন্তু স্বপ্ন দেখার দিন। বিশ্ব স্বপ্ন দিবস। প্রতি বছর ২৫ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় ওয়ার্ল্ড ড্রিম ডে অর্থাৎ স্বপ্ন দিবস।
.png)
জানা যায়, ২০১২ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওজিওমা এগুয়াওয়ানওয়ের উদ্যোগে দিবসটির যাত্রা শুরু হয়। অধ্যাপক ওজিওমা এগুয়াওয়ানওয়ের এ বিষয়ে বলেন, ‘স্বপ্ন দিবস কিন্তু ঘুমিয়ে কাটাবেন না, বরং এই দিবসকে কাজে লাগান আপনার স্বপ্ন পূরণের জন্য।’
মূলত এই দিনটি পালনের উদ্দেশ্য ছিল সেই সব মানুষকে অনুপ্রেরণা জোগানো যারা স্বপ্ন দেখতে ভালোবাসেন। আর তাদের স্বপ্নের ফলাফল পৃথিবীর জন্য কোনো কল্যাণ বয়ে আনে।
পৃথিবীতে অনেক নতুন শুরু হয়েছে স্বপ্নের মাধ্যমে। বছরের পর বছর ধরে ঘটে যাওয়া বিভিন্ন উদ্ভাবন একেকজনের স্বপ্নের বাস্তব রূপ। অনেক কবি-সাহিত্যিক তাদের বই বা গান রচনা করেছেন স্বপ্ন থেকেই।
মার্টিন লুথার কিং জুনিয়র তার সর্বকালের অন্যতম বিখ্যাত বক্তৃতা শুরু করেছিলেন ‘আমার একটি স্বপ্ন আছে’ বাক্যটি দিয়ে। তিনি বর্ণবাদের অবসানের স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি কঠোর পরিশ্রম করেছেন এমনকি তার জীবনও উৎসর্গ করেন।