দশ উপকারি ওষুধি গুণ সমৃদ্ধ লতাজাতীয় উদ্ভিদ চুইঝাল
চুইঝাল খুলনা বিভাগে এত জনপ্রিয় যে একে খুলনার কৃষিপণ্য হিসেবেও বলা যায়। খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে আব্বাসের হোটেল চুইঝাল দিয়ে রান্না করা খাসির মাংসের জন্য বিখ্যাত হয়ে উঠে সারাদেশে। চুইঝাল-মাংস খুলনার জিরো পয়েন্ট, শিববাড়ি ছাড়িয়ে ঢাকায়ও ব্যাপক প্রসার লাভ করেছে।

.png)
চুইঝাল কি?
একধরনের লতাজাতীয় উদ্ভিদের নাম চুই। যার লতা কিংবা শেকড়ের টুকরোকে বলা হয় ‘চুইঝাল’। গাছটির কাণ্ড বা লতা মসলা হিসেবে ব্যবহার হয়। খুলনা অঞ্চলে চুইঝালকে মসলা হিসেবে ব্যবহার করে চুইঝালের মাংস রান্না করা হয়। রান্নার পর গলে যাওয়া সেসব টুকরো চুষে বা চিবিয়ে খাওয়া হয়। খুব ঝাল হলেও এর একটা অন্য রকম স্বাদ ও ঘ্রাণ আছে।
রান্নায় এর ঝাল খাবারের স্বাদ বাড়ায় আবার শরীরেরও কোনো ক্ষতি করে না। ঝোল জাতীয় মাছ-মাংস সব কিছুতেই স্বাদ তৈরি করে। এদের কাণ্ড, শিকড়, পাতা, ফুল, ফলের ওষুধি গুণ আছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলা খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট এবং নড়াইল এলাকায় এই চুইঝাল মসলা হিসেবে খুব জনপ্রিয়।

চুইঝালের অনেক উপকারি ওষুধি গুণ রয়েছে। সিজার রোগীদের জন্য এটা খুবই উপকারি। দ্রুত ব্যথা কমাতে সাহায্য করে। টনসিল ও লিভারের জন্য চুইয়ের রস ভালো টনিক। এছাড়াও চুইঝালের রয়েছে আরো অনেক উপকারিতা।
জেনে নিন চুইঝালের দশটি উপকারি ওষুধি গুণ সম্পর্কে-
- গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে।
- কোষ্ঠকাঠিন্য দূর করে।
- খাবারের রুচি বাড়াতে এবং ক্ষুধামন্দা দূর করতে কার্যকর ভূমিকা রাখে।
- পাকস্থলি ও অন্ত্রের প্রদাহ সারাতে চুইঝাল অনেক উপকারি।
- স্নায়ুবিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমন করে।
- ঘুমের ওষুধ হিসেবে কাজ করে।
- শারীরিক দুর্বলতা কাটাতে এবং শরীরের ব্যথা সারায়।
- প্রসূতি মায়েদের শরীরের ব্যথা কমাতে সাহায্য করে।
- কাশি, কফ, হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও রক্তস্বল্পতা দূর করে।
- মাত্র এক ইঞ্চি পরিমাণ চুইলতার সঙ্গে আদা পিষে খেলে সর্দির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

পান ও চুই যেন একই পরিবারের দুই সহোদর। চুই গাছ দেখতে অনেকটা পানের লতার মতো। পাতা কিছুটা লম্বা ও পুরু। পাতায় ঝাল নেই। এর কান্ড বা লতায় ঝাল যা রান্নায় ব্যবহার করা হয়। উঁচু জায়গায় চুই গাছ ভালো হয়, গোড়ায় পানি জমলে গাছ পচে যায়। যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরায় এর চাষ বেশি দেখা যায়। এছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ী ও রাজীবপুর উপজেলায়ও চুইঝালগাছের চাষ দেখা যায়। চুইঝাল গাছে ফুল-ফল হয়। বীজ থেকে চারাও হয়। তবে শিকড়সহ গিঁট কেটে লাগালে সহজে চারা হয়। সম্ভাবনাময় এ মসলা গাছ নিয়ে আরো গবেষণা দরকার।
ডেইলি বাংলাদেশ/জেএইচএফ