সাগর-রুনি হত্যা: টাস্কফোর্স নিয়ে হাইকোর্টের আদেশ আজ
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে গঠিত টাস্কফোর্সের বিষয়ে আজ মঙ্গলবার আদেশ দিতে পারেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনটি বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকার এক নম্বরে রয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মামলাটিতে বাদীপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির এবং রিটকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ আদালতে থাকবেন।
এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করে। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিলের বিষয়ে অগ্রগতি হয়নি। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে তদন্তের জন্য আরও সময় দেওয়া হয়। রিট আবেদনটি আবারও হাইকোর্টের কার্যতালিকায় ওঠে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন সকালে তাঁদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। প্রথমে থানা-পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। একই বছরের ১৬ ফেব্রুয়ারি তদন্তের দায়িত্ব পান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের পরিদর্শক মো. রবিউল আলম।
প্রায় দুই মাস পর হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংস্থাটি তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি।