ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলার ২০৪ আসামিই পলাতক

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২, ২০ সেপ্টেম্বর ২০২৬
ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলার ২০৪ আসামিই পলাতক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

চব্বিশের গণ-অভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে গুম, আটক, নির্যাতন, হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বেঞ্চে ২২টি মামলার বিচার চলছে। এসব মামলায় আসামি ২৭৫ জন। তাদের মধ্যে ২০৪ জন পলাতক এবং ৭১ জন কারাগারে রয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

Advertisement

বিচারাধীন ২২ মামলার মধ্যে একটি মামলার রায় যেকোনো সময় ঘোষণা হতে পারে। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা ওই মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজন আসামি। গত ১০ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। চার আসামিই পলাতক।

এদিকে আওয়ামী লীগ সরকারের আমল এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরও ৪৪টি মামলার তদন্ত চলছে। এসব মামলায় আসামি ১৪৪ জন।

বিচারাধীন মামলাগুলোর মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, আটক, নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলার বিচার চলছে। এর মধ্যে র‍্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম, আটক ও নির্যাতনের অভিযোগে করা দুটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।

এ ছাড়া শাপলা চত্বরের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ড, কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’, গাজীপুরের জয়দেবপুর এবং টেকনাফে কথিত বন্দুকযুদ্ধের ঘটনাসংক্রান্ত মামলাও বিচারাধীন রয়েছে।

ট্রাইব্যুনাল-১-এর অধীনে রয়েছে ৩৪টি মামলা এবং ট্রাইব্যুনাল-২-এর অধীনে ১০টি মামলা। এসব মামলার মধ্যে গুমসংক্রান্ত ১১টি, কথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের দুটি, জঙ্গি দমনের নামে হত্যাকাণ্ডের একটি এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ৩০টি মামলা রয়েছে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, গুমের মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে তদন্ত করা হচ্ছে। শিগগিরই ১১টি গুমসংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন তিনি।

এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ হওয়া আড়াই শতাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আরও একটি মামলা প্রস্তুত করা হচ্ছে। এসব অভিযোগের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার ঘটনাও রয়েছে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন ঘটনার অভিযোগে মামলা, তদন্ত ও বিচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!