ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব পালনের বিষয়ে নতুন নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব পালনের বিষয়ে নতুন নির্দেশ
প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিন- ফাইল ফটো

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিনকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।

একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল শুনানির জন্য আগামী ৪ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

বুধবার সু‌প্রিম কো‌র্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আদালতে সহিদ উদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ওয়াসার এমডি হিসেবে প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিনকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। এর আগে, ৫ সেপ্টেম্বর সহিদ উদ্দিনকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়। তিন মাসের জন্য এ আদেশ দেওয়া হয়।

একই সঙ্গে ঢাকা ওয়াসার এমডি হিসেবে জ্যেষ্ঠতম উপ-ব্যবস্থাপনা পরিচালককে সাময়িকভাবে নিয়োগ দিতে স্থানীয় সরকার সচিবের প্রতি নির্দেশ দেন হাইকোর্ট।

ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামানের করা এক রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

গত ১৫ আগস্ট একটি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। ঐ প্রজ্ঞাপনে ওয়াসার এমডি পদে তকসিম এ খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বলা হয়, ঢাকা ওয়াসা বোর্ড সম্ভাব্য দ্রুত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর বিধান অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের কার্যক্রম গ্রহণ করবে। নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত ঢাকা ওয়াসায় ব্যবস্থাপনা পরিচালকের সব দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠতম উপ-ব্যবস্থাপনা পরিচালক।

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নতুন এমডি হিসেবে ডিএমডি এ কে এম সহিদ উদ্দিনকে দেওয়া এ নিয়োগ নিয়ে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ অবস্থায় রিট করেন ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!