জবি শিক্ষার্থী খাদিজার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৮ জানুয়ারি
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক দুই মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২৮ জানুয়ারি ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ দিন ধার্য করেন। এদিন মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে খাদিজার আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে নতুন এদিন ধার্য করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেন্স সহকারী শামীম আল মামুন বিষয়টি জানিয়েছেন।
অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।
একটি মামলার বাদী নিউমার্কেট থানার উপপরিদর্শক খাইরুল ইসলাম এবং অন্যটির কলাবাগান থানার উপপরিদর্শক আরিফ হোসেন। দুই বাদীই দায়িত্ব পালনকালে মোবাইলফোনে ইউটিউবে ঘুরতে ঘুরতে খাদিজাতুল কুবরা ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের ভিডিও দেখতে পান। তারপর দুজনই নিজ নিজ থানায় বাদী হয়ে মামলা করেন।
এদিকে দীর্ঘ প্রায় ১৫ মাস পর কারাভোগের পর গত ২০ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান জবি শিক্ষার্থী খাদিজা।