ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ২৪ অক্টোবর ২০২৬
লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
আখাউড়ায় কৃষকের প্রায় দেড় শতাধিক লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কৃষকের প্রায় দেড় শতাধিক লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় ৭০ হাজার টাকার উপর ক্ষতি হয়েছে বলে দাবি করেন কৃষক মো: মমিনুল ইসলাম মনিরের।

শনিবার বিকালে বিষয়টি সংবাদকর্মীদের জানান ক্ষতিগ্রস্ত কৃষক মো: মমিনুল ইসলাম মনির। এর আগে, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক মনির জানায়, দীর্ঘ দিন ধরে মৌসুমী সবজি চাষ করছি। এবার প্রায় ২৫ শতাংশ জায়গাতে উচ্চফলনশীল জাতের প্রায় দেড় শতাধিক লাউ চারা রোপন করি। লাউ গাছে সঠিক পরিচর্যা করায় ফলন আসা শুরু করে। এরইমধ্যে ছোটবড় মিলে শতাধিকের উপর লাউ আসে। কয়েক দিনের মধ্যে কিছু লাউ বিক্রি করার কথা ছিল। এরই মধ্যে লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা বাগান দেখতে আসেন।

তিনি আরও বলেন, প্রতিদিন রাত ১০ টা পযর্ন্ত বাগানে পাহারা দিয়ে বাড়িতে আসি। সকালে ঘুম থেকে উঠে লাউ বাগানে গিয়ে দেখি গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে। গাছের গুড়া কাটা। ঝুলে পড়ে যাচ্ছে লাউ। এই সব দেখে আমি হতভাগ হয়ে পড়ি। এই বাগান করতে আমার ৩০ হাজার টাকার উপর খরচ হয়। বাগানে যেভাবে ফলন এসেছিল তাতে ৭০ টাকার উপর বিক্রি হতো। এরমধ্যে গাছ কেটে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

আখাউড়া উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের লাউ বাগানে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, শত্রুতামূলক দুর্বৃত্তরা এ কাজ করেছে।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/একেকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!