ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৬, ২৩ আগস্ট ২০২৩
স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
ফাইল ফটো

১১ বছর আগে রাজধানীতে বি এ এফ শাহিন স্কুলের এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে করা মামলায় সাথেল মাহমুদ সোহেল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। 

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানমের আদালত আসামির উপস্থিতিতে এ রায় দেন।

অপহরণের দায়ে সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আর ৩ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। ধর্ষণের অপরাধেও তাকে একই সাজা দেওয়া হয়েছে। 

Advertisement

দুই ধারার সাজা একত্রে চলবে বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি ইশতিয়াক হোসেন জনি। এ দিকে রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে সোহেলকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, ঐ ছাত্রী বিএএফ শাহিন স্কুলে পড়াশোনা করতো। স্কুলে যাওয়া আসার পথে সোহেল তাকে ভয়ভীতি ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ২০১২ সালের ১৭ অক্টোবর ঐ ছাত্রী স্কুল ভ্যানে করে স্কুলে যায়। তবে শারীরিক অসুস্থতার কথা বলে স্কুল শেষ হওয়ার আগেই বের হয়ে যায়। এদিকে ঐ শিক্ষার্থী বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হয়। পরে তারা জানতে পারেন, সোহেল তাকে বিরক্ত করতো। সোহেলের পরিবারকে বিষয়টি জানান তারা। পরে সোহেল ঐ শিক্ষার্থীর বাবাকে জানায়, ঐ শিক্ষার্থী তার সাথে রয়েছে।

এ ঘটনায় ঐ শিক্ষার্থীর বাবা ১৮ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৮ ডিসেম্বর সোহেলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সাব-ইন্সপেক্টর মুনসী শহিদুল ইসলাম। ২০১৫ সালের ২০ জানুয়ারি আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!