ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

কল্যাণপুরে জঙ্গি আস্তানা: অভিযোগ গঠন শুনানি ১৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩১, ৩১ অক্টোবর ২০২২
কল্যাণপুরে জঙ্গি আস্তানা: অভিযোগ গঠন শুনানি ১৪ ডিসেম্বর
কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’- ফাইল ফটো

রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানে হতাহতের ঘটনায় করা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত এ দিন ধার্য করেন। এদিন মামলাটির অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এক আসামি মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর মারা গেছেন। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী অবগত করলে আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেন।

আদালতের এপিপি জাকির হোসেন বিষয়টি জানিয়েছেন।

এ মামলার বাকি আসামিরা হলেন- আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা, রাকিবুল হাসান রিগ্যান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান, মামুনুর রশিদ রিপন ওরফে মামুন, হাদিসুর রহমান সাগর, আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরুল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলম্যান, আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট, সালাহ উদ্দিন কামরান।

তাদের মধ্যে প্রথম ছয় আসামি হলি আর্টিজান হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত। অন্য আসামিদের মধ্যে আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট পলাতক এবং আব্দুর রউফ প্রধান জামিনে আছেন। বর্তমানে হলি আর্টিজান হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত ছয় জনসহ ৭ আসামি কারাগারে।

২০১৯ সালের ৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

২০১৬ সালের ২৬ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বাড়িতে’ পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ৯ জঙ্গি মারা যান। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ, অপর একজন পালিয়ে যায়। তারা সবাই জেএমবি সদস্য বলে জানিয়েছিল পুলিশ। ঐ ঘটনায় ২৭ জুলাই রাতে মামলা করেন মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!