মাদক কারবারির গুলিতে এএসআই গুলিবিদ্ধ: তিনজন রিমান্ডে
রাজধানীর মোহাম্মদপুরে মাদক কারবারির গুলিতে এএসআই মো. উজ্জ্বল গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলায় তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার ঢাকা মহানগর হাকিম মাসুদ-উর-রহমানের আদালত এ আদেশ দেন। আসামিরা হলেন- মনিরুজ্জামান, আসাদুজ্জামান ও সাইদুল ইসলাম।
এর আগে, তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মপুর থানার এসআই ফারুকুল ইসলাম আসামিদের পাঁচদিন করে রিমান্ড আবেদন করেন। এসময় আসামি পক্ষের আইনজীবী মো. শহিদুল্লাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে রিমান্ডের এই আদেশ দেন।
এদিকে গত বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদে সকালে মোহাম্মদপুর বৈশাখী রোড এলাকায় একটি বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাসায় থাকা মাদক কারবারি ইব্রাহিহের নেতৃত্বে চারজন অবস্থান করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। এতে এএসআই উজ্জ্বল গুলিবিদ্ধ হন।
এরপর তাৎক্ষণিকভাবে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রায়েরবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।