করোনায় ফিলিপাইনে ৩ চিকিৎসকের মৃত্যু
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে চীনের করোনাভাইরাস। বর্তমানে প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলে। প্রতিদিন এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়েই চলেছে।
চীনের উহান থেকে উৎপত্তি এ ভাইরাস ছড়িয়ে পড়েছে ফিলিপাইনেও। সেখানে আক্রান্তদের সেবায় দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন চিকিৎসাকর্মীরা। আক্রান্তদের সেবা দিতে গিয়ে ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তারাও। এরইমধ্যে দেশটিতে মারা গেছেন তিন চিকিৎসক।
.png)
সংবাদ সংস্থা আল জাজিরা তথ্যানুযায়ী, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই দেশটির হাজার হাজার চিকিৎসাকর্মী সেবায় নিয়োজিত রয়েছেন। এতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় তাদের বেশ বেগ পেতে হচ্ছে।
অন্যদিকে রোগীদের সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে কয়েকশ চিকিৎসাকর্মী রাজধানী ম্যানিলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ ও সহকর্মীরা জানিয়েছেন।
ফিলিপাইন মেডিকেল অ্যাসোসিয়েশন এবং হাসপাতালগুলো জানিয়েছে, ম্যানিলার তিনটি পৃথক হাসপাতালে রোগীদের চিকিত্সা করার সময় একজন কার্ডিওলজিস্ট, একজন অ্যানেস্থেসোলজিস্ট এবং একটি অনকোলজিস্ট ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। যারা পরে মারা গেছেন।
ফিলিপাইনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৯৬ জন। আর সুস্থ হয়েছেন ১৮ জন।
বিশ্বব্যাপী এ ভাইরাসে ১৪ হাজার ৭০৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩৯ হাজার তিনশ ৪১ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ১৪ জন ।