ঝাল মুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে আট বছরের শিশুকে ধর্ষণ
এবার ঝাল মুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে আট বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে নেত্রকোনার আটপাড়ায়।
শনিবার সন্ধ্যায় উপজেলার ইছাইল গ্রামের আব্দুর রহমানের বাড়ির পেছনের জঙ্গলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষকের নাম সাদ্দাম হোসেন (৩৩)। পেশায় সে একজন ঝাল মুড়ি বিক্রেতা। সে উপজেলার শুনই ইউপির ইছাইল গ্রামের দুলাল মিয়ার ছেলে। ঘটনার পরই সাদ্দাম হোসেন এলাকা ছেড়ে পালিয়েছে।
উপজেলার ইছাইল গ্রামের দুলাল মিয়ার ছেলে ঝাল মুড়ি বিক্রেতা সাদ্দাম হোসেন শনিবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় বাড়ির সামনের রাস্তায় ঝাল মুড়ি বিক্রি করছিলেন। এসময় ওই শিশুটি ঝাল মুড়ি কেনার জন্য তার দোকানে যায়। পরে ওই শিশুটির উপর সাদ্দামের কুদৃষ্টি পড়ে। এক পর্যায়ে লম্পট সাদ্দাম শিশুটিকে বেশি করে ঝাল মুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের আব্দুর রহমানের বাড়ির পেছনের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে এগিয়ে যেতে দেখে সাদ্দাম মেয়েটিকে ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়।
.png)
খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষিতা ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং ডাক্তারি পরীক্ষার জন্য তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
আটপাড়া থানার ওসি আব্দুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার দুপুরে বলেন, ঘটনার পরপরই ধর্ষক সাদ্দাম হোসেন এলাকা ছেড়ে পালিয়েছে। আমরা তাকে ধরার জোর চেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ