ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০০, ২১ নভেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে এ পর্যন্ত মোট ৫৮টি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটির গতিবিধি শনাক্ত করা হয়। পরে সেটিকে লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করা হয়।

এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকসের তৈরি অত্যাধুনিক চালকবিহীন সামরিক আকাশযান। দীর্ঘ সময় আকাশে অবস্থান, দূরপাল্লার নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতার জন্য এটি পরিচিত।

নজরদারির পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতেও ড্রোনটি ব্যবহার করা হয়। এ কারণে এটি মার্কিন সামরিক বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ চালকবিহীন আকাশযান হিসেবে বিবেচিত।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!