ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]
৯ দেশে সুনামি সতর্কতা

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামার উপকূল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯, ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামার উপকূল
ছবি : রয়টার্স

মধ্য আমেরিকার দেশ পানামার উপকূলের কাছে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনার পর সম্ভাব্য পরবর্তী কম্পন ও সুনামির ঝুঁকি বিবেচনায় মধ্য ও দক্ষিণ আমেরিকার নয়টি দেশের জন্য সতর্কতা জারি করা হয়েছে। পানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনে উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ভারতীয় সময় ৯ অক্টোবর রাত ১১টা ২৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজের তথ্য অনুযায়ী, পানামার রাজধানী পানামা সিটি থেকে প্রায় ২০৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পটির কেন্দ্র।

এদিকে, পানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, স্থানীয় সময় ৯ অক্টোবর রাত ১২টা ৫৬ মিনিটে পানামার লা পিতালোজা এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল পিতালোজা আরিবা এলাকার প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

দূতাবাস সতর্ক করে জানায়, ভূমিকম্পের পর আরও কম্পন হতে পারে, যা ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। পাশাপাশি সম্ভাব্য সুনামির ঝুঁকি বিবেচনায় কোস্টারিকা, এল সালভাদর, পেরু, মেক্সিকো, গুয়াতেমালা, পানামা, নিকারাগুয়া, কলম্বিয়া ও ইকুয়েডরের জন্য সতর্কতা জারি করা হয়েছে বলে জানানো হয়।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, উপকূলীয় এলাকায় শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত তৈরি হতে পারে। হঠাৎ পানির উচ্চতাও বেড়ে যেতে পারে।

ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্ষতিগ্রস্ত ভবন ও স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে স্থানীয় জরুরি সম্প্রচার এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতেও বলা হয়েছে।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় যাতায়াত এড়িয়ে চলা, ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে প্রবেশ না করা এবং উপকূলের কাছাকাছি অবস্থানকারীদের প্রয়োজনে উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

ভূমিকম্পের কারণে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার আহ্বান জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!