‘তরুণদের ভয় পান মোদি’, দিল্লির বিক্ষোভ ঘিরে তোপ দীপকের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘স্বৈরশাসক’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দিল্লির যন্তর মন্তরে শনিবার (১০ অক্টোবর) নির্ধারিত বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে রওনা হওয়ার সময় তিনি অভিযোগ করেন, তরুণদের ভয় পাচ্ছে মোদি সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে বিভিন্ন নাগরিক সংগঠনের আন্দোলনের অংশ হিসেবে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
দিল্লিতে মেট্রো চলাচল ও বিভিন্ন সড়কে বিধিনিষেধ আরোপ এবং ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন অভিজিৎ দীপকে।
সাংবাদিকদের তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি একজন স্বৈরশাসক। তিনি ভয় পেয়েছেন। সে কারণেই দিল্লি মেট্রো, সড়ক—সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের তরুণদের যদি তিনি এতটাই ভয় পান, তাহলে প্রধানমন্ত্রীর পদে বসে আছেন কেন?’
পরে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারেও মোদি সরকারের সমালোচনা করেন তিনি। দীপকে প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি দেশের জনগণের বিরুদ্ধেই যুদ্ধ করতে চান?
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়েও প্রশ্ন তোলেন সিজেপি প্রতিষ্ঠাতা। তিনি বলেন, ‘জ্ঞানেশ কুমার কি তাদের এতটাই প্রিয় যে নিজেদের নাগরিকদের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনী নামিয়ে দিতে হবে?’
দীপকে আরও দাবি করেন, সরকার তরুণদের নিয়ে উদ্বিগ্ন এবং ভবিষ্যৎ নির্বাচনে জনগণ তাদের ভোট দেবে কি না, তা নিয়ে শঙ্কিত।
ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধী দল ও বিভিন্ন নাগরিক সংগঠনের আপত্তির মধ্যে শনিবারের এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।