ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:২৬, ৪ অক্টোবর ২০২৬
ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
মার্কিন সিনেটর ক্রিস মারফি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের ক্ষয়ক্ষতি সরেজমিন দেখতে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। সংঘাত বন্ধে কাজ করছেন এমন ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করাও তার এ সফরের অন্যতম উদ্দেশ্য।

সফরের শুরুতে কাতারে পৌঁছেছেন ডেমোক্র্যাট সিনেটর মারফি। পরে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদেও যাবেন বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে যাওয়া প্রথম ডেমোক্র্যাট সিনেটর তিনি।

Advertisement

মারফি তার সফরের তিনটি প্রধান উদ্দেশ্যের কথা তুলে ধরেছেন। এর প্রথমটি হলো, মার্কিন সিনেটের সদস্য হিসেবে সরেজমিনে গিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলো কী ধরনের ক্ষতির মুখে পড়েছে, তা দেখা।

দ্বিতীয়ত, কাতার ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করবেন তিনি। পাশাপাশি সংঘাত বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কেও তাদের কাছ থেকে বিস্তারিত জানার কথা রয়েছে।

তৃতীয়ত, উপসাগরীয় অঞ্চল নিয়ে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নীতি কী হওয়া উচিত, তা নতুন করে পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন মারফি।

তিনি বলেন, যুদ্ধ যখন তীব্র অবস্থায় রয়েছে, তখন দুই দলের মার্কিন সিনেট সদস্যদের মধ্যপ্রাচ্যে সরেজমিনে উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ।

এর আগে মারফি ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের নীতির সমালোচনা করেছেন এবং যুদ্ধ বন্ধে কংগ্রেসের ভূমিকার পক্ষে অবস্থান নিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!