ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফ্রিকার সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান সিসির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫১, ৩ অক্টোবর ২০২৬
আফ্রিকার সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান সিসির
আফ্রিকার সংঘাত ও সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ছবি: সংগৃহীত

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি আফ্রিকার বিভিন্ন সংঘাত ও সংকটের শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং দেশগুলোর ঐক্য ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার মিসরের নিউ আলামেইনে শুরু হওয়া ‘আলামেইন আফ্রিকা ফোরাম’-এর উদ্বোধনী বক্তব্যে সিসি এসব কথা বলেন। তিন দিনব্যাপী এই আয়োজনে আফ্রিকার বিভিন্ন দেশের কর্মকর্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সিসি বলেন, অস্থিতিশীল দেশে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বিনিয়োগকারী, উৎপাদক ও কৃষকদের নিরাপদ পরিবেশে কাজের জন্য স্থিতিশীলতা অপরিহার্য।

Advertisement

তিনি বলেন, আফ্রিকার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় রাষ্ট্র ও এর প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করা, দেশের ঐক্য ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো এবং সংঘাত ও সংকটের ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপরও জোর দেন তিনি।

আফ্রিকার অর্থনীতিতে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন মিসরের প্রেসিডেন্ট। তিনি বলেন, মহাদেশটির মোট দেশজ উৎপাদনের ৭০ শতাংশের বেশি বেসরকারি খাত থেকে আসে। তবে আফ্রিকার দেশগুলোর নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণ সাম্প্রতিক বছরগুলোতে মহাদেশটির মোট বাণিজ্যের প্রায় ১৮ শতাংশে সীমিত রয়েছে।

বিশ্বের চলমান সংকটের প্রভাব থেকেও আফ্রিকাকে রক্ষা করার আহ্বান জানান সিসি। জ্বালানি, সার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে আফ্রিকার দেশগুলো যে চাপের মুখে পড়ছে, সেটিও তুলে ধরেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!