জাতিসংঘের কাছে সন্দেহজনক স্যুটকেস, বোমা আতঙ্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বিতর্ক শুরুর দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছাকাছি একটি সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে। নিরাপত্তার কারণে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয় এবং সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়।
পরে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) ও বোম্ব স্কোয়াড তল্লাশি চালিয়ে স্যুটকেসটি পরীক্ষা করে। এতে কোনো ধরনের ঝুঁকি পাওয়া যায়নি এবং প্যাকেটটিকে সন্দেহজনক নয় বলে নিশ্চিত করে পুলিশ। এরপর ধীরে ধীরে বন্ধ থাকা সড়কগুলো খুলে দেওয়া হয়।
.png)
প্রাথমিকভাবে ৪২তম থেকে ৪৪তম স্ট্রিট পর্যন্ত, ২য় অ্যাভিনিউ থেকে লেক্সিংটন অ্যাভিনিউয়ের মধ্যবর্তী অংশে যানবাহন ও পথচারী চলাচল বন্ধ করে দেওয়া হয়। বোম্ব স্কোয়াডের তদন্ত শেষে অধিকাংশ সড়ক খুলে দেওয়া হলেও ৪৩তম স্ট্রিটের থার্ড অ্যাভিনিউ থেকে লেক্সিংটন অ্যাভিনিউ অংশে কিছু সময় বিধিনিষেধ বহাল ছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও নিরাপত্তা বাহিনীর গাড়ি এসে এলাকাটি ঘিরে ফেলে। একটি ভবনও সতর্কতামূলকভাবে খালি করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আগে থেকেই জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে হাজারো পুলিশ সদস্য ও বিশেষায়িত ইউনিট মোতায়েন রয়েছে।
এবারের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তন, উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অধিবেশনে আলোচনা হচ্ছে।
জাতিসংঘ সদর দপ্তরের কাছাকাছি সন্দেহজনক স্যুটকেস পাওয়ার ঘটনায় কিছু সময়ের জন্য ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা তৎপরতা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে কর্তৃপক্ষ জানায়, স্যুটকেসটি জনসাধারণের জন্য কোনো হুমকি ছিল না।