ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

জাপানে ভয়াবহ ভূমিকম্প, আহত ২০

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৬, ২৩ আগস্ট ২০২৬
জাপানে ভয়াবহ ভূমিকম্প, আহত ২০
জাপানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

জাপানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।  রোববার (২৩ আগস্ট) ভোরে আঘাত হানা এ ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম কিয়োদো নিউজ জানিয়েছে, ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে ভূপৃষ্ঠের প্রায় ৬৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। তবে এরপর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

জাপানের ৭ মাত্রার ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেলে ইবারাকির কয়েকটি এলাকায় এবং মধ্য টোকিওতে সর্বোচ্চ ৫ মাত্রার কম কম্পন অনুভূত হয়েছে। সাইতামা ও চিবা প্রিফেকচারের কিছু এলাকাতেও একই মাত্রার কম্পন অনুভূত হয়।

এই ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে টোকিওর উত্তরে সাইতামায় এক তরুণ ও ৭০-এর কোঠার এক নারী রয়েছেন। কানাগাওয়া প্রিফেকচারে ৯ জন এবং চিবায় ৪ জন আহত হয়েছেন।

ভূমিকম্পের পর জাপানের বিভিন্ন এলাকায় কয়েকটি ট্রেনের চলাচল বিলম্বিত হয়। কিছু ট্রেন কম গতিতে চলাচল করে। তবু রেলওয়ের কয়েকটি দ্রুতগামী ট্রেনের চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তবে ইবারাকির তোকাই-২ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ফুকুশিমা দাইইচি ও কাছের ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি।

দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কর্মকর্তাদের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত যাচাই এবং জনগণকে সময়মতো তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন।

জাপানের আবহাওয়া সংস্থা আগামী এক সপ্তাহ, বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন আরও শক্তিশালী ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!