ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত ১১
ইউক্রেন এবং রাশিয়ার নিয়ন্ত্রিত অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ নিয়ন্ত্রিত একটি অবকাশ যাপন কেন্দ্রে (হলিডে ক্যাম্প) চালানো হামলাও রয়েছে।
রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর ইয়েভগেনি বালিটস্কির তথ্যমতে, গত শুক্রবার রাতে জাপোরিঝিয়ার রুশ নিয়ন্ত্রিত অংশে অবস্থিত অবকাশ যাপন কেন্দ্রগুলোতে ইউক্রেনীয় বাহিনীর সম্ভাব্য হামলায় দুই শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন।
স্থানীয় রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাটি আজভ সাগরের তীরবর্তী কিরিলিভকা গ্রামে আঘাত হানে। যুদ্ধ শুরুর পরপরই এই গ্রামটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। তবে এই হামলার বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
গভর্নর বালিটস্কি ইউক্রেনের বিরুদ্ধে "ইচ্ছাকৃতভাবে" বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছেন। তিনি আরও জানান, এই হামলায় তিন শিশুসহ আরও ১৪ জন আহত হয়েছেন।
শনিবার ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ হ্রিহোরভ জানান, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের সুমি অঞ্চলে একটি বেসামরিক স্থাপনায় রুশ ড্রোন আঘাত হানার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, ওই হামলায় ইউক্রেনের বেসরকারি ডাক ও কুরিয়ার সেবা প্রতিষ্ঠান 'নোভা পোশতা'-র তিনজন চালক নিহত হয়েছেন।
এই রক্তক্ষয়ী হামলাগুলো এমন এক সময়ে ঘটলো, যার মাত্র কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার সন্ধ্যায় তার নিয়মিত ভাষণে সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি গোয়েন্দা তথ্যের বরাতে জানান যে, ইউক্রেনে একটি বড় ধরনের রুশ হামলা আসন্ন।